প্রতিনিধি ৭ মে ২০২৬ , ১২:৫৫:৩০ প্রিন্ট সংস্করণ

মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু এবং হত্যা মামলার আসামি জমির উদ্দিন (৪০) কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, বুধবার (৬ মে ) দুপুর ২টার দিকে মহেশখালী থানার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকার থেকে জমির উদ্দিনকে আটক করা হয়।
আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে জলদস্যুদের গুলিতে কুতুবদিয়ার এক জেলে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি তিনি। দীর্ঘদিন ধরে তিনি জলদস্যুতা ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।