প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ১২:১৬:৫৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: দেশে শিগগির মানবপাচার-মাদকবিরোধী অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি দেশের মানুষকে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রাখে।
ভোটের কালি মোছার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করেছে। বিএনপি নির্বাচনী মেনিফেস্টো ও প্রতিশ্রুতির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতা, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ভাতা প্রদানের কাজও এগিয়ে চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সামাজিক সচেতনতা শুরু হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত কাজ করবে। দেশকে মাদকমুক্ত করতে শিগগিরই অভিযান শুরু করা হবে।
কক্সবাজারসহ দেশের বেশ কয়েকটি জায়গায় মানবপাচার হচ্ছে। মানবপাচার রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। জুয়া এবং অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি এখন বাংলাদেশে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে। এজন্য বাংলাদেশের কিংবদন্তিতুল্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করেছি। কৃষকদের ১০ হাজার টাকার কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছি।
‘পহেলা বৈশাখে নববর্ষের প্রথম দিনেই কৃষক-কৃষাণীর মাঝে কৃষি কার্ড প্রদান জাতীয় জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত। এরই মাধ্যমে একজন কৃষক ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষিযন্ত্রের সুবিধা, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি বীমার সুবিধা, কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা পাবে’, বলেন মন্ত্রী।
কৃষি বিভাগের পাইলট প্রকল্পের আওতায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক হাজার ৬৯৮ জন কৃষক প্রত্যাশা ও স্বপ্নের কৃষি কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। তন্মধ্যে কৃষক এক হাজার ৪৬৩ ও কৃষাণী ২৩৫ জন। কার্ড পাওয়া টেকনাফের ভাগ্যবান কৃষকদের মধ্যে এক হাজার ৬৮৩ জন শস্যচাষী, দুজন মৎস্যচাষী, ১০ জন প্রাণিসম্পদ ও ৩ জন লবণচাষী। এছাড়া নির্বাচিত কৃষক-কৃষাণীদের মধ্যে ১৬৫২ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণী কৃষি প্রণোদনা পাবেন।
টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান। বিশেষ অতিথি ছিলেন শাহজাহান চৌধুরী এমপি, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এমপি, লুৎফুর রহমান কাজল এমপি, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।
পরে প্রধান অতিথি স্থানীয় ১০ জন কৃষক ও ৫ জন কৃষাণীর হাতে কৃষক কার্ড ও একটি করে ফলজ চারা বিতরণ করেন।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন।