প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১১:১৩:৫৫ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়ায় টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেন।
শনিবার (১৩ জুলাই) উপজেলার আলী আকবর ডেইল, বড়ঘোপ আজম কলোনী ও কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে কুতুবদিয়া উপজেলার প্রায় দুই হাজার পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা এলজিইডির প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী, সদস্য সচিব এম এ সালাম কুতুবী, যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব জাহেদ সিকদার, উপজেলা কৃষকদলের সভাপতি সবুজ,সাধারণ সম্পাদক মহিউদ্দীন কুতুবী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ মোকাররম, সদস্য সচিব আব্দুল মান্নান এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণ শেষে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে আরও ত্রাণ বিতরণ করা হবে।