উত্তর চট্টগ্রাম

আধুনিক কৃষির সম্ভাবনায় সীতাকুণ্ড: মাঠে প্রদর্শিত ফসলের ৪৮ উন্নত জাত

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ১০:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের সুফল তুলে ধরতে সীতাকুণ্ডে ইস্ট-ওয়েস্ট সীডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত মাঠ দিবস। বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ট্রায়াল ফার্মে এ উপলক্ষে ১৫ ধরনের ফসলের ৪৮টি উন্নত জাত প্রদর্শন করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কৃষক, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ইস্ট-ওয়েস্ট সীডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ইস্ট-ওয়েস্ট সীডের প্রোডাক্ট ডেভলপমেন্ট ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল, প্রোডাক্ট ম্যানেজার মহিবুল্লাহ ইবনে হক এবং রিজিওনাল ম্যানেজার জুলফিকার হাবিব।

মাঠে প্রদর্শিত বিভিন্ন ফসলের জাত পরিদর্শন করে কৃষকরা জানান, আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের ফলে অল্প সময়েই অধিক ফলন পাওয়া সম্ভব হচ্ছে। এতে উৎপাদন খরচ কমে আসার পাশাপাশি কৃষকের আয় বাড়ছে। তারা বলেন, সনাতন পদ্ধতির চাষাবাদের বাইরে এসে নতুন জাতের বীজ ব্যবহার করলে কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুল্লাহ বলেন, “জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি জমি কমে যাচ্ছে। এই বাস্তবতায় কম জমিতে বেশি ফলন নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ কৃষকদের সেই পথ দেখাচ্ছে।”

তিনি আরও বলেন, কৃষিকে লাভজনক করতে কৃষকদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষিত হওয়া এবং নতুন প্রযুক্তি গ্রহণ করা সময়ের দাবি।

আরও খবর 27

Sponsered content