প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ , ১০:৪২:৩৯ প্রিন্ট সংস্করণ

মো. রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌরুটে আবারও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার পর রবিবার (১৫ মার্চ) থেকে এ নৌরুটে স্পিডবোট চলাচল পুনরায় চালু করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্দ্বীপ ও সীতাকুণ্ড এলাকার সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা এবং মোঃ আসলাম চৌধুরী-এর সহযোগিতায় কুমিরা ঘাটের ইজারাদার জগলুল হোসেন নয়ন বিভিন্ন তেল কোম্পানির এজেন্সির সঙ্গে যোগাযোগ করে স্পিডবোট পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানির ব্যবস্থা করেন। এর ফলে বন্ধ হয়ে থাকা নৌযান চলাচল পুনরায় চালুর পথ সুগম হয়।
স্থানীয়রা জানান, কুমিরা–গুপ্তছড়া নৌরুটটি সীতাকুণ্ড ও সন্দ্বীপবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন অসংখ্য যাত্রী কর্মস্থল, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে এ রুট ব্যবহার করে থাকেন। কিন্তু জ্বালানি সংকটসহ নানা কারণে সাম্প্রতিক সময়ে স্পিডবোট চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।
রবিবার থেকে স্পিডবোট চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিতভাবে নৌযান চলাচল অব্যাহত থাকলে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও স্বাভাবিক হবে।
ঘাট সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিদিন নিয়মিতভাবে কুমিরা–গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চলাচল অব্যাহত থাকবে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে তারা জানান।