প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ১১:২১:০৪ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড সদর বাজারে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ীদের ব্যবহৃত পরিমাপ স্কেল সঠিকভাবে কাজ করছে কি না তা যাচাই করতে মাঠে নামেন।২২ নভেম্বর শনিবার সকাল ১০টায় সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিকের নেতৃত্বে কমিটির সদস্যরা মাছ বাজার, মুরগির বাজার, ফলের দোকান এবং গরুর মাংসের বাজারে স্কেল তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
তদারকির সময় প্রথমে দোকানদারদের নিজস্ব স্কেল দিয়ে পণ্য ওজন করা হয়, এরপর সমিতির আনা স্কেল দিয়ে পুনরায় পরীক্ষা করা হয়। তদারকিতে কোনো দোকানে স্কেলের ত্রুটি বা গরমিল পাওয়া যায়নি। এজন্য সমিতির নেতৃবৃন্দ সকল ব্যবসায়ীদের অভিনন্দন জানান।
তবে মাংস বিক্রেতাদের সতর্ক করা হয়, ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে ওজন শেষে কিছু মাংস রাখা হয় বা নিম্নমানের মাংস দেওয়া হয়। যদি এমন অভিযোগ প্রমাণিত হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত মূল্য প্রতি কেজি ৮০০ ও ৭৫০ টাকায় বিক্রির ক্ষেত্রে কোনো আপত্তি না থাকলেও ক্রেতাকে মানহীন বা বাতিলযোগ্য মাংস দেওয়া যাবে না বলে সতর্ক করা হয়।
নেতৃবৃন্দ আরও জানান, বাজারের স্বচ্ছতা ও ভোক্তাদের বিশ্বাস বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে।