কক্সবাজার

সোনাদিয়া বন বিটের প্রথম অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ১০:৩৯:১০ প্রিন্ট সংস্করণ

মহেশখালী প্রতিনিধি: মহেশখালীর সোনাদিয়া দ্বীপে অবৈধ স্থাপনা নির্মাণ ও পরিবেশ ধ্বংস রোধে বন বিভাগের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে সোনাদিয়া বিটের ঝাউবন এলাকায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সোনাদিয়া বন বিটের সকল স্টাফের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ঝাউবনের ভেতরে গোপনে নির্মাণাধীন স্থাপনা শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে তা উচ্ছেদ করা হয়। এ সময় ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলে জানায় বন বিভাগ।

সোনাদিয়া বন বিট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দ্বীপের ঝাউবন, প্যারাবন ও সংরক্ষিত চরাঞ্চলে বিভিন্ন ব্যক্তি ও চক্র অবৈধভাবে স্থাপনা নির্মাণ, গাছ কাটাসহ মহিষ চরানো এবং প্যারাবন কেটে বাঁধ নির্মাণের চেষ্টা করে আসছে। এসব কর্মকাণ্ডে দ্বীপের জীববৈচিত্র্য, উপকূলীয় সুরক্ষা বলয় ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে জানিয়েছে—সোনাদিয়া দ্বীপে কোনো ধরনের অবৈধ দখল, স্থাপনা নির্মাণ, গাছ কাটাসহ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ।

এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পর্যায়ক্রমে সোনাদিয়ায় ইতিমধ্যে নির্মিত সকল অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সচেতন মহল বন বিভাগ ও উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, সোনাদিয়ার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন অভিযানের ধারাবাহিকতা বজায় থাকলে দ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে।

আরও খবর 30

Sponsered content