উত্তর চট্টগ্রাম

প্রথম বৃষ্টিতেই রসুলপুর এলাকায় জলাবদ্ধতা: দুর্ভোগে জনজীবন

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ১১:৩৩:৩০ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: বর্ষার আগমনী প্রথম বৃষ্টিতেই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রসুলপুর এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিপাতের পরই সড়ক, অলিগলি ও বসতবাড়ির আশপাশে পানি জমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

স্থানীয়দের ভাষ্য, বৃষ্টি থেমে যাওয়ার পরও দীর্ঘসময় পানি জমে থাকায় চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ পথচারীদের প্রতিদিনই পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অনেক স্থানে বাড়ির উঠান পর্যন্ত পানি উঠে যাওয়ায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, গত বছর বর্ষা মৌসুমেও একই চিত্র দেখা গিয়েছিল। প্রথম বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়ায় তারা আশঙ্কা করছেন, সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

তাদের মতে, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালার অযত্ন এবং পরিকল্পিত পানি নিষ্কাশনের অভাবই এ সমস্যার মূল কারণ। ফলে বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে দীর্ঘসময় জমে থাকছে।

এ অবস্থায় এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল-নালা পরিষ্কার এবং কার্যকর পানি নিষ্কাশন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

আরও খবর 27

Sponsered content