প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৮:৪০ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল রহমান জাহিদের নির্বাচনী প্রচারণায় রাণীশংকৈল ও পীরগঞ্জ জুড়ে অনুষ্ঠিত হলো ব্যাপক মোটরসাইকেল শোডাউন। শনিবার দুপুরে আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়ে উপজেলা শহরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে আসে।
মোটরসাইকেল শোডাউনটি পৌরসভা এলাকা পেরিয়ে নেকমরদ, ফুটানিটাউন, বাংলাগড়, কাতিহার হাট ও গোগর চৌরাস্তা পর্যন্ত বিস্তৃত হয়। প্রতিটি এলাকাতেই ধানের শীষের পক্ষে শ্লোগান আর সমর্থকদের হর্ষধ্বনি ছিল চোখে পড়ার মতো।
প্রচারণায় প্রার্থী জাহিদুল রহমান জাহিদের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা কামাল আনোয়ার আহমেদ, রাণীশংকৈল উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের সদস্যরা। শোডাউনটি দেখতে সাধারণ মানুষ রাস্তার দুই পাশে ভিড় করেন।
নেতাকর্মীরা জানান, এই শোডাউনের মাধ্যমে নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।