কক্সবাজার

আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারডুবি, সাঁতরে কূলে ফেরেন ৭ জেলে

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ১০:৩৮:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাফ নদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সাত জেলে সাঁতরে কূলে ফিরে আসতে সক্ষম হলেও ট্রলারটি ডুবে যায়।

সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টায় শাহপরীর দ্বীপের বদরমোকামের গরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

উদ্ধার জেলেরা হলেন সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া, গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।

ট্রলার মালিক মোহাম্মদ হাশেম বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার সময় আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। এতে কয়েক লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য সামগ্রী ভেসে গেছে। তবে ট্রলারে থাকা সাত জেলে কূলে ফিরে আসতে সক্ষম হলেও ট্রলারটি ডুবে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আরেকটি ট্রলারসহ সাত জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। টেকনাফের কায়ুকখালীয়া ঘাটে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানিয়েছেন, গত ২০ দিনে ৪০ জন জেলেকে ধরে নেওয়া হয়েছে।

এ নিয়ে গত ২০ দিনে ৩৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগে রোববার দুটি ট্রলারসহ ১৪ জেলে, শনিবার একটি ট্রলারসহ ১২ জেলে, গত ১২ আগস্ট ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ দুই জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

আরও খবর 30

Sponsered content