উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়

  প্রতিনিধি ৫ মে ২০২৬ , ১২:৩২:০০ প্রিন্ট সংস্করণ

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসদর বাজারে ফুটপাত দখল, অবৈধ পার্কিং এবং যত্রতত্র দোকান ও প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সীতাকুণ্ড বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম। অভিযানে মোট ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং নিয়মবহির্ভূতভাবে দোকান স্থাপনের বিষয়গুলো চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক। এছাড়াও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের ভোগান্তি কমাতে এবং বাজার এলাকায় স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর 27

Sponsered content