কক্সবাজার

রামু লেখক ফোরামের ১৮তম বর্ষে পদার্পণে আলোচনা সভা

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৫ , ১০:০২:৪৬ প্রিন্ট সংস্করণ

আহমুদুল হক: আদর্শ কলম সৈনিকদের সুসংহত প্লাটফরম রামু লেখক ফোরামের ১৮ তম বর্ষে পদাপর্ণ উপলক্ষে আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আদর্শিক অভিযাত্রার ১৭ বছর পেরিয়ে ১৮ তম বর্ষের শুভ সূচনার মহতি সন্ধিক্ষণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুমাবার (১৮ এপ্রিল), বাদ আছর রামু পাবলিক লাইব্রেরী চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচকবৃন্দ ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মজলুম মানবতার পক্ষে শাণিত কলমের ক্ষুরধার লিখনীর ধারা বেগবান করার জন্য লেখকদের প্রতি আহবান জানান। তাঁরা বলেন, আলোকিত দেশ ও জাতি গঠনের লক্ষ্যে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও মানবতার বিকাশধারায় যেমন আদর্শিক ধারার লেখকদের অবদান রয়েছে তেমনি অন্যায়ের প্রতিরোধেও যুগে যুগে আদর্শ লেখকদের ঐতিহাসিক অবদান অনস্বীকার্য। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠালগ্ন থেকে রামু লেখক ফোরাম যে অবদান রেখেছে চলেছে সেই সাফল্যের ধারা অক্ষুণ্ণ রাখতে হবে।

সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে প্রাণবন্ত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, প্রচার সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা, প্রাবন্ধিক আখতারুল আলম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা, গবেষক আলেমেদ্বীন মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালী। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ। বিশেষ আলোচক ছিলেন, সংগঠনের উপদেষ্টা, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেন, সাবেক সভাপতি, কবি খালেদ শহীদ, রামু লেখক ফোরামের উপদেষ্টা, সাবেক সভাপতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক ও ছড়াকার সোয়েব সাঈদ।

সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কবি এস. এম আবুল কালাম আযাদ, প্রচার সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, সদস্য, মফস্বলের কবি শফিকুল ইসলাম। ফিলিস্তিনের মজলুমদের নিয়ে বাবার রচিত হৃদয়গ্রাহী সঙ্গীত পরিবেশন করেন, কবি আবুল কালাম আযাদপুত্র, শিশু শিল্পি আবু যর গিফারী।

পড়ন্ত বিকেলের নান্দনিক আবহে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, রামু লেখক ফোরাম লেখালেখি ও সাহিত্যাঙ্গনে সুস্থধারার উজ্জীবনে সমুজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। সেই সাথে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধেও এ সংগঠন সদা সোচ্চার। সমাজের সমস্যা-সম্ভাবনা ও ইতিহাস-ঐতিহ্য নিয়ে গঠনমূলক লেখালেখি এবং রামুর সার্বিক উন্নয়নে বিভিন্ন দাবিতে সংগঠনটির অগ্রণী ভূমিকা রয়েছে। এভাবে হাটি হাটি পা পা করে সত্যনিষ্ঠ কলম সৈনিকদের সংগঠন রামু লেখক ফোরাম সফলতার সাথে দীর্ঘ ১৭ টি বছর পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ। আগামীতেও যাবতীয় অনৈতিকতা, মিথ্যাচার, অপসংস্কৃতি, দূর্নীতি, জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে কলম চালিয়ে যেতে এ সংগঠনের সাহসী ভূমিকা রেখে যাবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে মজলুম মুসলিম উম্মাহর সঙ্কটমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনটি প্রতিষ্ঠার প্রাণপুরুষ, মরহুম উপদেষ্টা মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. এর রুহের মাগফিরাত, সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর ছিদ্দিকের মায়ের সুস্থতা ও সংগঠনের সফলতা কামনায় আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮এপ্রিল একদল আদর্শিক তারুণ্যের সমন্বিত প্রয়াসে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। আল্লাহ তা’আলার অশেষ রহমতে সফলতার সাথে আদর্শিক পথচলার ১৭ বছর পূর্ণ করে এ সংগঠন ১৮তম বর্ষে পদার্পণ করলো। এ সংগঠন থেকে ইতোমধ্যে শিশু-কিশোর সাহিত্য সাময়িকী “পুষ্পকলি”র বেশ ক’টি সংখ্যা প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রকাশিত হয়েছে “আলোকিত জীবন, আলোকিত মানুষ”, “রাহবার” নামক জীবনীমূলক প্রকাশনা, “বিশ্বাসের পঙক্তিমালা” নামক কাব্যগ্রন্থ। “মসজিদের কান্না” শীর্ষক একটি অনুবাদগ্রন্থও প্রকাশ করেছে সংগঠনটি। রামু লেখক ফোরামের একনিষ্ঠ অভিভাবকত্বে সাহিত্যের ছোট্ট কাগজ “সাহিত্যকলি”ও প্রকাশিত হয়ে আসছে।

আরও খবর 30

Sponsered content