প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৫ , ১১:১৯:২০ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী দেবশ্রী রায় ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘উনিশে এপ্রিল’ মুক্তি পায় ১৯৯৪ সালে। সেই সময় সিনেমাটি ঝড় তুলেছিল দর্শক মহলে। ঋতুপর্ণ ঘোষের নির্মাণশৈলীতে এই সিনেমা জটির ক্যারিয়ারে অন্যতম সংযোজন।
এর আগে ও পরে, বেশ কিছু হিট সিনেমাতেই জুটি বেঁধেছেন দেবশ্রী-প্রসেনজিৎ। পর্দায় যতটা জনপ্রিয় ছিলেন, ততটাই তাদের ব্যক্তিজীবন ভক্তদের মনে ঝড় তুলেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তিনি প্রথম স্ত্রীও। দেবশ্রী রায়কে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়ক।
দেবশ্রী-প্রসেনজিতের বিয়ে হয় ১৯৯২ সালে। তবে সেই বিয়ে খুব বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র তিন বছরের মেয়াদ ছিল তাদের সম্পর্কের। ১৯৯৫ সালে বিবাহবিচ্ছেদ হয় এই তারকা জুটির। তারপর থেকে সেভাবে পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে অপেক্ষা করেই যাচ্ছেন তাদের ভক্তরা, কবে আবার দেখা মিলবে এই জুটির?
দীর্ঘ অপেক্ষার পর নস্টালজিয়ার মুহূর্ত আসতে চলেছে। প্রসেনজিৎ সম্প্রতি ঘোষণা করেছেন, তার প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়-এর সঙ্গে পর্দায় আবার দেখা যাবে ‘প্রাক্তন’ সিনেমার সিক্যুয়ালে। এ ছাড়াও এই সিনেমায় থাকবেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, যা সিনেমাটিকে আরও রোমাঞ্চকর করে তুলবে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি লেহরেঁ নেটওয়ার্কের এক সাক্ষাৎকারে সুখবরটি জানান প্রসেনজিৎ। অনুষ্ঠানে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে প্রাক্তন স্ত্রী দেবশ্রীর সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী কি না?
এর উত্তরে প্রসেনজিৎ বলেন, বিচ্ছেদের সময় আমার বয়স ছিল ২০-২১। আমার হৃদয় ভেঙেছিল তা নয়, আসলে আমি বড্ড লজ্জিত ছিলাম। যে কী করে মুখ দেখাবো, লোকে কী বলবে। এখন বিষয়টা তেমন নয়।
প্রসেনজিৎ আরও বলেন, বিচ্ছেদ হলেও এখন আমরা বন্ধু। তাই আমি ওর সঙ্গে কাজ করতে পুরোপুরি প্রস্তুত। শিবু-নন্দিতা ‘প্রাক্তন ২’ করতে চান-আমাকে, দেবশ্রীকে আর ঋতুকে নিয়ে।
উল্লেখ্য, টলিউডে সবচেয়ে জনপ্রিয় জুটি মনে করা হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে। পর্দায় এ জুটি ভাঙার পর ১৪ বছরের দীর্ঘ বিরতি শেষে ‘প্রাক্তন’ নির্মাণ করেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সে ধারাবাহিকতায় এবার নির্মাতারা দীর্ঘ ৩০ বছরের বিরতি ভেঙে পর্দায় আনতে চান প্রসেনজিৎ-দেবশ্রী জুটি।