কক্সবাজার

কুতুবদিয়ায় হামিদুর রহমান আজাদের পথসভায় ফেরী ও টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ১১:২১:০৩ প্রিন্ট সংস্করণ

মহি উদ্দিন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়া চ্যানেলে পেকুয়া-মগনামা ঘাটে ফেরী চলাচল শুরু এবং দ্বীপ রক্ষায় দীর্ঘস্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের চমহনী বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় জামায়াতে ইসলামী এই সভার আয়োজন করে।

​পথসভায় হামিদুর রহমান আজাদ কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনার কথা জানান:
​পেকুয়া-মগনামা থেকে কুতুবদিয়া চ্যানেল পারাপারে নিয়মিত ফেরী সার্ভিস চালু করার পদক্ষেপ নেওয়া হবে। এতে দ্বীপের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে আমূল পরিবর্তন আসবে।

​দ্বীপের অস্তিত্ব রক্ষায় জোয়ারের পানি ও ভাঙন প্রতিরোধে কোনো জোড়াতালি নয়, বরং আধুনিক ও দীর্ঘস্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে জনগণকে আশ্বস্ত করেন তিনি।
​দ্বীপের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।

​পথসভায় লেমশীখালী ইউনিয়নসহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আসন্ন নির্বাচনে হামিদুর রহমান আজাদকে বিজয়ী করার মাধ্যমে কুতুবদিয়ার অবহেলিত জনপদকে একটি আধুনিক ও নিরাপদ জনপদে রূপান্তরের আহ্বান জানান।

আরও খবর 30

Sponsered content