প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১০:১২:৫২ প্রিন্ট সংস্করণ

শেখ আব্দুল্লাহ: কক্সবাজারে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের বার্ষিক পিকনিক ও নবগঠিত কমিটির পরিচিত সভা তিন দিনের আনন্দঘন ভ্রমণের মাধ্যমে সিলেটে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই আনন্দ ভ্রমণে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও অংশ নেন। “সাগর তরঙ্গ জাগে, চায়ের দেশে” শ্লোগান নিয়ে এই ভ্রমণে সদস্যরা সিলেটের ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থাপনা ঘুরে দেখেন। বিশেষ করে সাদা-পাথরের জাফলং পর্যটন স্পটে সাংবাদিক ও পর্যটকরা স্বচ্ছ পানিতে গোসল এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
গত ২৬ জানুয়ারি (সোমবার) সকালে চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট পৌঁছান সাংবাদিকরা। তিন দিনের সফরে তারা সিলেট নগরীর হোটেল আল আরবে-তে অবস্থান করেন এবং ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি ভ্রমণের পাশাপাশি হযরত শাহ জালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত করেন। এছাড়া তারা তামাবিল সীমান্ত, জাফলং এবং ভোলাগঞ্জের সাদা-পাথর এলাকা ভ্রমণ করেন।
বুধবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজার অভিজাত হোটেল মেহমান রেস্টুরেন্টের কনফারেন্স রুমে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সরওয়ার আলম শাহীণ, এবং সঞ্চালনা করেন প্রথম আলোর প্রতিনিধি এস এম হানিফ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন ও একুশে টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জুনাইদ। অতিথিদেরকে বিশেষ সম্মাননা উপহার ও সদস্যদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন ফোরামের যৌথ সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক হোবাইব সজীব এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম দেওয়ান। এই আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।