প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ , ১২:২০:৪৪ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু। সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মহরম আলী।
প্রধান অতিথির বক্তব্যে মহরম আলী মহান স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করেন এবং বলেন, দেশের স্বাধীনতা অর্জন সহজে আসেনি; অসংখ্য শহীদের আত্মত্যাগ ও ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার এবং দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী। বক্তারা স্বাধীনতার মহান আদর্শ রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক আবুল খায়ের।এছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য দিদারুল হোসেন টুটুল, নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু এবং অ্যাডভোকেট নাছির উদ্দীন।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।