সারাদেশ

ঠাকুরগাঁওয়ে দরিদ্র ২০০ পরিবার পেল নগদ সহায়তা

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ১২:১৭:০১ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি: অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সংস্থাটির ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের আওতায় জেলার ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকার সেন্ট মাদার তেরেজা স্কুল মিলনায়তনে এ উপলক্ষে এক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

উদ্যোগটির অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, এই অর্থ পরিবারগুলোর আয়ের পথ সৃষ্টি, জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।

তবে সহায়তা প্রদানে কিছু সামাজিক শর্তও যুক্ত করা হয়েছে। উপকারভোগী পরিবারগুলোকে বাল্যবিবাহ থেকে বিরত থাকা, প্রাপ্ত অর্থ আয়বর্ধক খাতে বিনিয়োগ করা এবং শিশুদের নিয়মিত স্কুলে পাঠানো নিশ্চিত করতে হবে।

সংস্থাটি আরও জানায়, একই কর্মসূচির ধারাবাহিকতায় ইতোমধ্যে জেলার ৮০০ পরিবারের মধ্যে মোট ৮০ লাখ টাকা বিতরণ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের কার্যক্রম কেবল আর্থিক সহায়তা নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসূচি শেষে সহায়তা পাওয়া পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

আরও খবর 4

Sponsered content