প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ১০:২৫:৫৪ প্রিন্ট সংস্করণ

মহেশখালী প্রতিনিধি : মহেশখালীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ১৫ নভেম্বর ( শনিবার) গোরকঘাটা ফুটবল স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনালে মুখোমুখি হয় সাহাব উদ্দিন ফুটবল একাদশ ও স্পীড বোট মালিক সমিতি ফুটবল একাদশ। শুরু থেকেই নাটকীয়তা, উত্তেজনা ও ক্রীড়াচঞ্চলতায় ভরপুর ছিল পুরো ম্যাচটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, সাবেক সংসদ সদস্য, এটিএম নুরুল বশর চৌধুরী।
ফাইনাল ম্যাচ উপলক্ষে মাঠে ছিল বিপুল দর্শকের সমাগম। খেলাকে ঘিরে সৃষ্টি হয়েছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আতাউল্লাহ বোখারী, ডাঃ আব্দুল মোতালেব,আমিনুল হক চৌধুরী, জাফর আলম, নাছির উদ্দিন বাচ্চু,এখলাছুর রহমান চৌধুরী, আরিফুল কাদের চৌধুরী, এনামুল করিম চৌধুরী, ছাবের হোসেন, প্রফেসর আবু ছরওয়ার রানা, মোরশেদ আলম,নুরুল ইসলাম, সাহাব উদ্দিন,শফিউল আলম শফি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।
ম্যাচের প্রথম থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলায় গতি বাড়ায়। দ্বিতীয়ার্ধে এসে স্পীড বোট মালিক সমিতি একাদশের খেলোয়াড়রা আক্রমণে ধার বাড়িয়ে দেয়। দলটির ১৭ নম্বর জার্সিধারী ইফতেকার চমৎকার এক শটে প্রথম গোল করেন। পরবর্তীতে সাহাব উদ্দিন ফুটবল একাদশের ৮ নম্বর জার্সিধারী রেজউল করিম দক্ষতার সঙ্গে দ্বিতীয় গোলটি করে সমাতায় ফিরে আনেন।
তবে থেমে থাকেনি সাহাব উদ্দিন ফুটবল একাদশ। তারা ধারাবাহিক আক্রমণে ১ গোল শোধ করে ম্যাচটি ১-১ সমতায় ফিরিয়ে আনে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত দু’দলের খেলোয়াড়রা সমানতালে লড়াই করে।
নির্ধারিত সময় সমতা বজায় থাকায় ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারেও পার্থক্য গড়ে না ওঠায় খেলা পরিচালনা কমিটি উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে। ঘোষণার পর মাঠে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ফাইনাল শেষে অতিথিরা বলেন, মহেশখালীর তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলেও তারা আশা প্রকাশ করেন।