প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১০:৫৫:২২ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন দুর্গা মন্দিরে যেন আবার ফিরে এলো প্রাণের স্পন্দন। দীর্ঘ ৮১ বছরের ইতিহাস বহন করা এই ঐতিহ্যবাহী মন্দিরের বাবু রণজিৎ বল সার্বিক তত্বাবধায়নে নির্মাণকাজের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অবশেষে শেষ হলো ভক্ত ও এলাকাবাসীর দীর্ঘদিনের অপেক্ষা ও উৎকণ্ঠা।
দীর্ঘ সময় ধরে মন্দিরটির সংস্কার ও উন্নয়নকাজ বন্ধ থাকায় ধর্মপ্রাণ মানুষের মনে ছিল অনিশ্চয়তা ও দুশ্চিন্তা। অবশেষে নতুন করে নির্মাণকাজ শুরু হওয়ায় মন্দির প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। ভক্তদের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও আশার আলো।
আয়োজকরা জানান, প্রাথমিক কাজ সম্পন্ন হলেও পূর্ণাঙ্গভাবে মন্দির নির্মাণ শেষ করতে এখনও সহযোগিতা প্রয়োজন। তারা সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান—এই পবিত্র কাজ সম্পন্ন করতে যেন সবাই সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তায় এগিয়ে আসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শ্রী অনুপ কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু বিকাশ সাহা। এছাড়া দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি মৃদুল ভৌমিক ও সাধারণ সম্পাদক বাবু দীপক গুহ, অর্থ সম্পাদক বাবু তপন দাসসহ কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু বিকাশ দাশ ও সাধারণ সম্পাদক বাবু নারায়ণ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এই দুর্গা মন্দির শুধু একটি উপাসনালয় নয়—এটি এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। সবার সম্মিলিত প্রচেষ্টা ও ভালোবাসায় নির্মাণকাজ সম্পন্ন হলে মন্দিরটি আবারও ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা সকলের।