প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ১১:০১:২৬ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনার সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সীতাকুণ্ড প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধাগণ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকাল ৮টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ পুলিশের একটি চৌকস দল এবং অন্যান্য অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজয় দিবসের আনন্দ ও গৌরবকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। একই সঙ্গে স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।