উত্তর চট্টগ্রাম

রাঙ্গাপানি চা বাগানে আদিবাসী সনাতনী শিক্ষার্থীদের মাঝে “শ্রীমদ্ভগবদগীতা যথাযথ” বিতরণ

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৬ , ৯:৪১:৩৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল ‘রাঙ্গাপানি’ চা বাগানে আদিবাসী সনাতনী শিক্ষার্থীদের মাঝে “শ্রীমদ্ভগবদগীতা যথাযথ” বিতরণ করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রামের বাঁশখালী, বাণীগ্রামস্হ শ্রীশ্রী গদাধর পণ্ডিত ধামের সার্বিক ব্যবস্থাপনায় এবং বৃন্দাবন সোসাইটির সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন ফটিকছড়ি ‘হরেকৃষ্ণ নামহট্ট’ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ সিদ্ধরসিক দাস ব্রহ্মচারী এবং সঞ্চালনা করেন শ্রীমান অচিন্ত্য শ্যাম দাস ব্রহ্মচারী। এসময় ৬ষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত শতাধিক সনাতনী শিক্ষার্থীর হাতে “শ্রীমদ্ভগবদগীতা যথাযথ” তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসকন নন্দনকাননের যুগ্ম সম্পাদক ও শ্রীশ্রী গদাধর পণ্ডিত ধামের পরিচালক শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী। তিনি বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের প্রিয়। ভগবান গীতায় বলেছেন—যারা সর্বদা তাঁকে স্মরণ করে তারা তাঁর অত্যন্ত প্রিয়ভাজন। মানবজীবনকে সুন্দর ও সার্থকভাবে পরিচালনার জন্য ভগবদগীতার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন ট্রাইবাল প্রচারক শ্রীপাদ সুবল সখা প্রেম দাস, শ্রীধর চৈতন্য দাস, ইসকন যুবগোষ্ঠীর পরিচালক শ্রীমান রণবীর মাধব দাস ব্রহ্মচারী এবং যুব প্রচারক শ্রীমান উজ্জ্বল রসময় দাস ব্রহ্মচারী।

এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমতি শীলা নন্দী, সহকারী প্রধান শিক্ষক জ্যোৎস্না দেবী, দূর্জয় দেওয়ানজী, নির্মল ত্রিপুরা, দুর্জয় ত্রিপুরা, সজীব ত্রিপুরা, অভি ত্রিপুরা, সমর ত্রিপুরা, রুমা ত্রিপুরা, বিউটি ত্রিপুরা, রেখা বালা ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক সংকলিত “শ্রীমদ্ভগবদগীতা যথাযথ” বর্তমানে বিশ্বের ১৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। ভগবদগীতার নির্দেশনা অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা ভগবদগীতার শিক্ষা গ্রহণ করে গীতাময় জীবন গঠনের সংকল্প গ্রহণ করে।

উল্লেখ্য, ইসকন সারা বাংলাদেশে ট্রাইবাল ও সাধারণ সনাতনী শিক্ষার্থীদের নৈতিক ও শিক্ষাগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ মহতী কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করে ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আরও খবর 27

Sponsered content