দক্ষিণ চট্টগ্রাম

পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিচ মিয়াকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

  প্রতিনিধি ১৪ জুন ২০২৫ , ৯:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিচ মিয়াকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ জুন) পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন।

জানা গেছে যে,সম্প্রতি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিচ মিয়া পটিয়া উপজেলা বিএনপি নেতাদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি পটিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিচ মিয়া বিএনপি নেতাকর্মীদের নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার এবং ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।

এতে বক্তারা আরো বলেন,এই ইদ্রিচ মিয়া স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তাদের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে সুবিধা নিয়েছে।৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিএনপিতে প্রবেশ করে আবারও সুবিধা নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

তার মতো সুবিধাবাদী বিএনপি নেতা যদি বিএনপির ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তা তৃণমূল নেতাকর্মীদের রক্ত টগবগ করে। আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইদ্রিচ মিয়া পটিয়া উপজেলা বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আঁতাত করে বিএনপির নেতাদের নামে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ এখনই ইদ্রিচ মিয়াকে দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে প্রত্যাহার করে নেন। তা নাহলে চট্টগ্রাম দক্ষিণ জেলা তথা পটিয়া উপজেলা বিএনপি ধ্বংস হয়ে যাবে।’

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ও পটিয়া উপজেলা বিএনপি এর অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন নেতাকর্মীরা।

এর আগে গত বুধবার বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটিয়ার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিচ মিয়া পটিয়া ইন্দ্রপুল বাইতুশ শরফ মাদ্রাসায় সভা ডাকেন। বিপরীতে একই দিনে পটিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে সভা ডাকেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। যদিও সেদিন কোনো ধরনের সংঘাত ছাড়াই দুটি গ্রুপের সভা শেষ হয়। তবে পূর্ব পরিকল্পনা অনুসারে ইদ্রিচ মিয়া গ্রুপের সভা শেষে মিছিল বের করে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে আসার কথা ছিল। কিন্তু এনাম গ্রুপের সক্রিয় ভূমিকা পালন করতে দেখে গ্রুপটি আর মিছিল বের করার সাহস পায়নি।

গত ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানেও বিএনপির নেতাকর্মীরা বিভক্ত হয়ে আলাদা আলাদা স্থানে কর্মসূচি পালন করেন। এতে করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে।

এ দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিচ মিয়া তার বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। সেই বক্তব্যের পরপরই পটিয়া উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।

আরও খবর 28

Sponsered content