প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ১২:১৬:০৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ঢাক-ঢোলের তাল, রবীন্দ্র-নজরুলের গান, আর রঙিন পোশাকে দর্শনার্থীর পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে সিআরবির শিরীষ তলা। পহেলা বৈশাখ উপলক্ষে এখানেই যেন মিলেছে উৎসব, ঐতিহ্য আর বাঙালিয়ানা।
নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকেই নানা বয়সী মানুষের ঢল নামে এ চত্বরে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের শিরীষ তলায় চলে বর্ষবরণের নানা আয়োজন।যা চলে সন্ধ্যা পর্যন্ত।
সিআরবি ঘুরে দেখা যায়, বৈশাখী সাজে সেজে আসা মানুষের উপস্থিতিতে উৎসবের রঙ ছড়িয়েছে চারদিকে।
মঞ্চে একের পর এক পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, লোকসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। আবার অন্যদিকে কেউ তুলেছেন ছবি, কেউ সময় কাটাচ্ছেন প্রিয়জনের সঙ্গে আবার কেউ উপভোগ করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিআরবিতে ঘুরতে আসা লিপি মজুমদার জানান, শিরীষ তলায় এসে মনে হচ্ছে যেন শৈশবের বৈশাখ ফিরে পেয়েছি। গান, নাচ আর মানুষের উচ্ছ্বাস দেখে মন ভরে গেছে।
আরেক দর্শনার্থী শাশ্বত চক্রবর্তী বলেন, এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্য জানাতে এমন উৎসব আরও বেশি হওয়া উচিত।
আয়োজকরাও জানান, বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। তাদের আশা, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
২০০৯ সালে যাত্রা শুরু করার পর থেকে চট্টগ্রামের সিআরবি শিরীষতলার বর্ষবরণ উৎসব খুব কম সময়ই বন্ধ থেকেছে। ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারি মহামারির প্রকোপ এবং সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের কারণে এই দুই বছর শিরীষতলায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা জনসমাগম হয়নি। তবে এর পরের বছর থেকে নিয়মিত বর্ষবরণের অনুষ্ঠান হয়ে আসছে এ স্থানে।