প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৯:৪৫:৫৩ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এএমএম বাহাউদ্দীন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার বাবুনগরের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজত আমিরের নিজ দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সাক্ষাতকে ‘ঐতিহাসিক’ মুহূর্ত উল্লেখ করে এএমএম বাহাউদ্দীন বলেন, ‘হুজুর, আমি আপনার দোয়া নিতে এসেছি’। হেফাজত আমির তাঁকে বুকে জড়িয়ে ধরেন; প্রাণ খুলে দোয়া করেন।
এ সময়ে হেফাজত আমির ইমান, আকিদা ও দেশ রক্ষায় প্রত্যেক মুসলমানকে ছোটখাট ভেদাভেদ ভুলে গিয়ে দেশ-জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কওমি-সুন্নি বিরোধ নেই; সবার ইমান আকিদা এক। কওমি ও সুন্নিদের মাঝে সুসম্পর্কের সেতুবন্ধন রচনা হলে বাতিলপন্থীরা আর কোথাও জায়গা পাবে না। মুসলমানদের একতাবদ্ধ হওয়া এখন আরও জরুরি।
এএমএম বাহাউদ্দীন বলেন, দেশের ধর্মপ্রাণ মানুষ আপনার সাথে রয়েছে। আলিয়া ও কওমির মধ্যে বিরোধ নেই। দেশের জনগণের স্বার্থরক্ষায় মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে হবে।
হেফাজত আমির বলেন, ইসলামের হেফাজতের জন্যই হেফাজতে ইসলামের জন্ম। ইমান আকিদা রক্ষায় কওমি-সুুুন্নিসহ সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখছি, কওমি ও সুন্নিদের মধ্যে কিছু শাখা-প্রশাখা নিয়ে ছোটখাট মতপার্থক্য থাকলেও, ইমান-আকিদার প্রশ্নে সবারই একই মত ও পথ। কাজেই বাতিল ফিতনার বিরুদ্ধে হকপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
হেফাজত আমির স্মরণ করেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁদেরকে অনেক আগেই আশ্বস্ত করেছিলেন যে, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোরআন-সুন্নাহ ও শরিয়াহ-বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। ইসলাম ও মুসলমানের পক্ষেই বিএনপি বলিষ্ঠ অবস্থান বজায় রাখবে।
সাক্ষাতকালে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, আলিয়া-কওমি ধারাকে ভেদাভেদ ভুলে এক কাতারে এনে মুসলমান ও ইসলামের শক্তি বৃদ্ধির লক্ষ্যে জামিয়াত নেতা হযরত মাওলানা এম এ মান্নান (র.) আজীবন অক্লান্ত পরিশ্রম করেন এবং তিনি অনেকাংশেই সফল হন। আজ দেশ-জাতির সন্ধিক্ষণে সেই সাফল্যকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময়ে যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল এসরারুল হক, মাওলানা মোবাশ্বের হোসেন নাঈম, চট্টগ্রাম অঞ্চল জমিয়াতুল মোদার্রেছীনের সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ আবু ছালেহ, ড. মহিউল হক, প্রিন্সিপাল রিদুয়ানুল হক হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।