প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ১২:২১:০২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে।
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করে প্রধান উপদেষ্টা আরও বলেন, এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলন দুই উপদেষ্টার পদত্যাগের কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে তারা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশে বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা এ জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণে তোমরা একই ভাবে সক্রিয় ভূমিকা রাখবে।