সারাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসবের বর্ণিল সমাপ্তি

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ১১:৪৯:৩৬ প্রিন্ট সংস্করণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব রোববার (২৩ নভেম্বর) বর্ণিল আয়োজনে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও সিএসসি। সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পাল পুরোহিত ও উৎসব কমিটির চেয়ারম্যান ফাদার লরেন্স রিবেরু সিএসসি।

উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মান্দি ছড়া, ঐতিহ্যবাহী নৃত্য, মিস ওয়ানগালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, খেলাধুলা, খ্রিস্টযাগ ও প্রার্থনাসহ নানা আয়োজন ছিল। সমাপনীতে বক্তব্য দেন প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্শন চাম্বুগং।

কার্ডিনাল রোজারিও বলেন, ওয়ানগালা গারোদের কৃতজ্ঞতা, ঐতিহ্য ও সামাজিক মিলনের প্রতীক। নতুন প্রজন্মের জন্য এটি গুরুত্বপূর্ণ উদযাপন।
ফাদার রিবেরু জানান, ১৯২৫ সালে শুরু হওয়া এ উৎসব ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর ধর্মপল্লীর উদ্যোগে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক সূত্র জানায়, গারোদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ওয়ানগালা। ‘ওয়ানা’ অর্থ দেবদেবীর দান এবং ‘গালা’ অর্থ উৎসর্গ। বর্ষা শেষে নতুন ফসল ঘরে তোলার পর শস্য দেবতা মিসি সালজং-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই উৎসব পালিত হয়। অনেকেই একে ‘নবান্ন’ বা ‘একশ ঢোলের উৎসব’ও বলে থাকে।

বিকেলে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবের বর্ণাঢ্য পরিসমাপ্তি ঘটে।

আরও খবর 4

Sponsered content