উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডের বড় কুমিরা উপকূলে বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ১০:৫২:৪৩ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা সমুদ্র উপকূলে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

রবিবার ১৪ ডিসেম্বর সকালে বড় কুমিরা সমুদ্র উপকূলসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং বেড়িবাঁধ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সমুদ্র উপকূল ও বেড়িবাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও বেড়িবাঁধের মারাত্মক ক্ষতি করছে। এর ফলে জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের সময় বড় ধরনের ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভবিষ্যতে বড় কুমিরা ও আশপাশের এলাকার বসতভিটা ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়বে বলেও তারা সতর্ক করেন।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বেড়িবাঁধ রক্ষায় স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরও খবর 27

Sponsered content