প্রতিনিধি ২০ জুন ২০২৫ , ১০:০২:২৪ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ রেললাইনে বসে মোবাইল গেম বসে খেলতে গিয়ে অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তিন তরুণ নিহত হয়েছেন।
১৯ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ বিএসআরএম এলাকায় সোনাপাহাড় গ্রাম সংলগ্ন রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আনিছ (২২), আরাফাত (১৮) ও রিয়াজ (১৯)। তারা সবাই মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা পরস্পরের বন্ধু।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাতের দিকে ৪/৫ বন্ধু রেললাইনের পাশে বসে মোবাইলে ‘ফ্রি ফায়ার’ গেম খেলছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে হুইসেল দেওয়া হয়, কিন্তু গেমে মগ্ন থাকায় তারা সেটি শুনতে পাননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে যান শাহেদ নামে একজন তরুণ।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, ‘স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন ছিল, তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা ট্রেন দুর্ঘটনাতেই মারা গেছেন কিনা।’ তিনি আরও বলেন, ‘ঘটনার পর হাসপাতালে শতাধিক মানুষ জড়ো হয়। স্বজনরা মরদেহ নিয়ে গেলেও কেউ ডেথ সার্টিফিকেট গ্রহণ করেননি। পরে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।