প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ১১:৫৬:০৪ প্রিন্ট সংস্করণ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সর্বস্তরের জনগণ। সোমবার ৪ নভেম্বর বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের তাওহীদি জনতা ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
জানা গেছে, সাইমুর রহমান সিয়াম নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে লেখেন, “আমার প্রাণপ্রিয় একমাত্র নেতা হযরত মুহাম্মদ (সা.)”। এ পোস্টের নিচে মহুয়া ইসলাম নামে এক নারী মন্তব্যের ঘরে ইসলাম ও বিশ্বনবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। মুহূর্তের মধ্যে তার ওই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর ফেসবুক অ্যাকাউন্টে এর আগেও ইসলাম ধর্মবিরোধী নানা মন্তব্য ও পোস্ট পাওয়া গেছে।
ঘটনার পরপরই ফরিদপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ জনগণ সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদে মুখর হয়ে ওঠেন এবং অভিযুক্ত মহুয়া ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে “ফরিদপুরের সর্বস্তরের জনগণ” ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “যে ব্যক্তি বা নারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কখনোই মতপ্রকাশের স্বাধীনতা নয়; বরং এটি শাস্তিযোগ্য অপরাধ। তারা প্রশাসনের প্রতি অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, যারা ধর্মবিদ্বেষী বা ইসলামবিরোধী মনোভাব পোষণ করে, কিংবা সংস্কৃতির নামে এদের প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
বিক্ষোভ সমাবেশে ফরিদপুরের বিভিন্ন এলাকার মুসল্লি, ছাত্র জনতা, মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষকসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।