প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ১০:২৪:২৫ প্রিন্ট সংস্করণ

শেরিফ হোসেন,নীলফামারী: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মাগুড়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন পর ফিরে আসছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বিদ্যালয়েই অষ্টম শ্রেণি পর্যন্ত কেটেছে তাঁর শৈশব ও শিক্ষাজীবনের ভিত্তি নির্মাণের গুরুত্বপূর্ণ সময়গুলো।
আগামী ৭ ডিসেম্বর, বিশেষ সফরে নিজ প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হবেন তিনি। তাঁর এ প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দ, গর্ব ও উৎসবমুখর পরিবেশ। বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীসহ এলাকাবাসীদের মধ্যে চলছে প্রস্তুতি ও ব্যস্ততা।
তৌহিদ হোসেনের এই সফরকে স্থানীয়রা দেখছেন তাঁর শিকড়ের প্রতি ভালোবাসা ও শিক্ষাঙ্গনকে স্বীকৃতি জানানোর একটি অনন্য উদাহরণ হিসেবে। তাঁর উপস্থিতিতে বিদ্যালয়ের পরিবেশে ফিরবে স্মৃতিচারণা, অনুপ্রেরণা ও উচ্ছ্বাসের নতুন রঙ— এমনটাই আশা করছেন সবাই।