প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৩:২৯:৫৫ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় ভোর রাতে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা গামী মালবাহী ট্রেনটি শেখপাড়া এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড রেলস্টেশন ও শেখপাড়া রেলক্রসিংয়ের মধ্যবর্তী স্থানে দুটি কনটেইনার বগি ও একটি সাধারণ বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এর মধ্যে একটি কনটেইনার সম্পূর্ণভাবে রেললাইনের বাইরে গিয়ে পড়ে।
দুর্ঘটনায় রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটির মূল অংশ পরে বরতাকিয়া স্টেশনে গিয়ে থামে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, “খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের কাজ চলছে। এদিকে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”