মহানগর

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ১০:২৭:২০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য ও হেলাল আকবর বাবরের একান্ত সহযোগী শিবু প্রসাদ চৌধুরীকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করে নগরের কোতোয়ালি থানা পুলিশ।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলাসহ অন্তত পাঁচটি মামলার এজাহারনামীয় আসামি।
শিবু প্রসাদ নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজার গোয়ালপাড়া মানিক লাল চৌধুরীর বাড়ীর কেদার নাথ তেওয়ারী কলোনির মৃত মানিক লাল চৌধুরী প্রকাশ মানিক পালের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে শিবু প্রসাদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিবু প্রসাদ চৌধুরী নিষিদ্ধ ঘোষিত সংগঠন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (জুলাই-আগস্ট) শিবু প্রসাদ কোতোয়ালি থানার নিউমার্কেট ও আশপাশের এলাকায় রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনসাধারণের ক্ষতিসাধনের উদ্দেশ্যে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ইট-পাটকেলসহ সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী স্লোগান দেন এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার শিবু প্রসাদ চৌধুরীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা সহ ৫-৬টি মামলা আছে। এছাড়াও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্ত অব্যাহত আছে। আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর 25

Sponsered content