প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ১২:০০:৫৮ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানকালে নডালিয়া এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ছিল। এতে কৃষিজমির ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।