প্রতিনিধি ২৫ মে ২০২৫ , ১১:০২:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া: পটিয়ায় জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও পূর্ব বড়ুয়া পাড়া এলাকার কমল বড়ুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পুলিশ সদস্য কৃশান বড়ুয়া জানান, প্রতিবেশী জয়প্রিয় বড়ুয়া ও তেজপ্রিয় বড়ুয়ার সাথে তার বাবা কমল বড়ুয়ার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কমল বড়ুয়া বাদী হয়ে গত ১৫ মে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপ্রেক্ষিতে গতকাল শনিবার জায়গা পরিমাপের দিন ধার্য্য ছিল। সেখানে একপর্যায়ে আলী আকবর নামের এক সাবেক ইউপি সদস্যের নেতৃত্ব ৬০-৭০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসীদল হঠাৎ করে আমাদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এঘটনায় পটিয়া থানা পুলিশ গিয়ে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরবর্তীতে মুছলেখা দিয়ে ছাড়া পায় তারা।
এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছেন।