সারাদেশ

দুর্গাপুরে বিজয়পুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র বৈঠক অনুষ্ঠিত

  প্রতিনিধি ১ মে ২০২৬ , ১২:২১:০০ প্রিন্ট সংস্করণ

তোফায়েল আলম ভূঁইয়া,দুর্গাপুর-নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/০৪ এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বিজয়পুর শূন্য লাইন’ এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির আহ্বানে আয়োজিত এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় তার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কোম্পানি কমান্ডারসহ মোট ৫ জন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন শিলং সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি এস এইচ এস গণেশ। তার সঙ্গেও ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সৌজন্য সাক্ষাতে সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অবৈধ চোরাচালান প্রতিরোধ, সোমেশ্বরী নদীর তীরে রাস্তা নির্মাণ কাজ পুনরায় শুরু করা এবং বিজয়পুর বিওপির সীমান্ত পিলার ১১৫১/২ এস সংলগ্ন এলাকায় ডিউটি শেল্টার পোস্ট নির্মাণ সংক্রান্ত বিষয় গুরুত্ব পায়। এ সময় ডিউটি শেল্টার পোস্ট নির্মাণের বিষয়ে বিএসএফের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

আলোচনা শেষে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে বৈঠক সমাপ্ত করেন।

 

আরও খবর 4

Sponsered content