প্রতিনিধি ৭ মে ২০২৬ , ১১:৪৫:৪৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: দেশের প্রধান সমুদ্রবন্দর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত H. E. Lulzim Pllana। বৃহস্পতিবার (৭ মে) রাষ্ট্রদূতকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ স্বাগত জানান।এরপর তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে সামুদ্রিক সহযোগিতা, বন্দর উন্নয়ন, লজিস্টিকস ব্যবস্থাপনা এবং বাংলাদেশ ও বলকান অঞ্চলের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বিশেষ করে আলবেনিয়ার সমুদ্রবন্দরগুলোর ব্যবহারের মাধ্যমে কসোভোর সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময়, কার্গো হ্যান্ডলিং এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে নৌ-খাত, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও বন্দর ব্যবস্থাপনার উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে বন্দরের সার্বিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়ন কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে রাষ্ট্রদূত বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন), পরিচালক (নিরাপত্তা), চিফ হাইড্রোগ্রাফার, প্রধান চিকিৎসা কর্মকর্তা ও চিফ পারসোনেল অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।