সারাদেশ

ঝিনাইগাতী সীমান্তে ২৫৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ১১:২৭:৩৭ প্রিন্ট সংস্করণ

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আক্তার মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার গোমরা সীমান্তের একটি নির্জন স্থান থেকে এসব মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মাদক চোরাচালানের একটি গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল রাতে গোমরা এলাকায় অভিযানে যায়। এসময় ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে আনা ২৫৮ বোতল ভারতীয় মদ বহন করার সময় আক্তার মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত মদের বাজারমূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মদগুলো আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসে হস্তান্তর করা হবে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের নিয়মিত টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। মাদকপাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তারা সতর্ক করেন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে বিজিবির ধারাবাহিক অভিযান মাদক প্রতিরোধে ভূমিকা রাখছে বলেও জানান তারা।

আরও খবর 4

Sponsered content