প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:৩৬:৫৩ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সোনারপাড়া এলাকায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জনসমাগমের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ৩য় বার রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল ম্যাচ। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই ফাইনাল খেলাকে ঘিরে পুরো এলাকা যেন এক বিশাল ফুটবল উৎসবে পরিণত হয়।
মাঠজুড়ে ছিল তীব্র উত্তেজনা, আর গ্যালারিতে হাজারো দর্শকের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল বর্তমান প্রজন্মের যুব সমাজকে মাদক ও মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি মাদকমুক্ত, সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা। আয়োজকদের মতে, প্রযুক্তি আর মাদকের দৌরাত্ম্যে আজকের তরুণ সমাজ ধীরে ধীরে মাঠ থেকে মোবাইলের স্ক্রিনে বন্দী হয়ে পড়ছে, যা সামাজিকভাবে ভয়াবহ সংকেত বহন করে। সেই বাস্তবতা থেকেই এমন ব্যতিক্রমী ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মঞ্জুর হোসেন মঞ্জু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য ও কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি এম. শামসুদোহা।
বক্তব্যে তিনি বলেন,”যুব সমাজই জাতির ভবিষ্যৎ। কিন্তু আজকের যুব সমাজ যদি মাদক ও মোবাইলের নেশায় ডুবে যায়, তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকার। এই ধরনের খেলাধুলার আয়োজনই পারে তরুণদের মাঠমুখী করে সুস্থ ও সৃজনশীল জীবনের পথে ফিরিয়ে আনতে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজম সবুজ, সীতাকুণ্ড থানা বিএনপি সদস্য জানে আলম বাবুল ও আবুল বশর, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সীতাকুণ্ড যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এইচ এম ইব্রাহিম, যুব ও ছাত্রনেতা জগলুল হোসেন নয়ন এবং যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন।
এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ সুমন, কামাল উদ্দিন, আব্দুল আল মামুন, মোহাম্মদ জাবেদ, সাইফুল ইসলামসহ এলাকার জনপ্রতিনিধি, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দুই শক্তিশালী দলের মধ্যে নির্ধারিত সময়জুড়ে চলে শ্বাসরুদ্ধকর লড়াই। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের উত্তেজনা চরমে পৌঁছে যায়। গোলমুখী প্রতিটি মুহূর্তে মাঠজুড়ে ওঠে করতালি, স্লোগান আর উল্লাসধ্বনি। পুরো আয়োজন ঘিরে তৈরি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে অতিথিরা ট্রফি, মেডেল ও সম্মাননা তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের ক্রীড়া কার্যক্রম শুধু বিনোদন নয়, বরং এটি যুব সমাজকে অপরাধ, মাদক ও অনৈতিকতা থেকে দূরে রাখার একটি কার্যকর সামাজিক আন্দোলন।
অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিত এমন রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে, যাতে এলাকার তরুণরা মোবাইল স্ক্রিন ছেড়ে মাঠে ফিরে আসে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে পারে।
স্থানীয় সচেতন মহলের মতে, সোনারপাড়ার এই ফুটবল টুর্নামেন্ট এখন আর শুধু একটি খেলা নয়—এটি হয়ে উঠেছে যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনের পথে ফেরানোর একটি শক্তিশালী সামাজিক বার্তা ও অনুকরণীয় উদ্যোগ।