প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১০:৩০:২৫ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে সামাজিক ও মানবিক সংগঠন লিজেন্ড ফাউন্ডেশন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসাইন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহমান রবিনের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন লিজেন্ড ফাউন্ডেশনের সভাপতি আরিয়ান আহমেদ। কর্মসূচির শুরুতে শিশু মেহেরাজ-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করা হয়। এর পর সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় মহান বিজয় দিবসের তাৎপর্যবাহী জাতীয় সংগীত, যা উপস্থিত সবার মাঝে দেশপ্রেম ও বিজয়ের চেতনা আরও জাগ্রত করে তোলে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শিশুদের কষ্ট লাঘব করা সমাজের সকলের নৈতিক দায়িত্ব।বিজয়ের মাসে শিশুদের মুখে হাসি ফোটাতে পারাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আরও বলেন, লিজেন্ড ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে শিশুদের চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস, যা পুরো আয়োজনকে করে তোলে আরও অর্থবহ।
উল্লেখ্য, লিজেন্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।