জাতীয়

‘হ্যাঁ’ ভোটের সুফল জনগণের কাছে তুলে ধরার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ১১:৫৯:০৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সুফল জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, গণভোট নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্য। ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করবে সরকার কিন্তু সিদ্ধান্ত নেবে জনগণ। আগামীর ভোটে কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বরগুনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার পুরোপুরি নিরপেক্ষ থাকবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সরকার চায় একটি সুষ্ঠু নির্বাচন। এ সময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করার জন্য সরকারের তিনটি চ্যালেঞ্জ রয়েছে।

ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, ভোট সঠিকভাবে গণনা করা ও বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।
গণভোট ও সংসদ নির্বাচনে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এ উপদেষ্টা বলেন, জনগণকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।‘হ্যাঁ’ ভোট দেয়ার বিষয়ে সরকার উৎসাহিত করলেও সিদ্ধান্ত নেবেন জনগণ।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে কিন্তু সেটি যেন ভোটের মাঠে প্রভাব না ফেলে।