প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৫ , ১১:১৫:০১ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় (১৯ নভেম্বর ২০২৫) স্বাভাবিক প্রসবের মাধ্যমে একদিনেই ৭টি নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে ২টি ছেলে ও ৫টি কন্যা সন্তান রয়েছে। জন্ম নেওয়া সব নবজাতক এবং তাদের মায়েরা সম্পূর্ণ সুস্থ আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এমন ধারাবাহিক সফল ডেলিভারির কারণে স্থানীয় মানুষের মধ্যে সরকারি মাতৃসেবা নিয়ে আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন,“আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই স্বাভাবিক প্রসব সেবা নিয়মিতভাবে প্রদান করা হয়। পাশাপাশি জরুরি প্রয়োজন বিবেচনায় সিজারিয়ান সেবাও চালু রয়েছে। মা ও শিশুর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
তিনি আরও জানান, বহির্বিভাগের ৩৫ নম্বর কক্ষে প্রতিদিন গর্ভবতী নারীদের জন্য বিশেষ পরামর্শ ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। নিয়মিত ও সময়মতো চেকআপের মাধ্যমে মা ও শিশুর জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়,গর্ভাবস্থায় যে কোনো ধরনের জটিলতা এড়াতে প্রসব-পূর্ববর্তী যত্ন (Antenatal Care) এবং প্রসবের পর দ্রুত সুস্থতা নিশ্চিত করতে প্রসব-পরবর্তী যত্ন (Postnatal Care) নেওয়া অত্যন্ত জরুরি। এ কারণে সীতাকুণ্ডের সকল গর্ভবতী নারীকে নিয়মিতভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এ সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয়রা বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাতৃস্বাস্থ্য সেবার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা এবং দক্ষতার কারণে সাধারণ মানুষ এখন সরকারি স্বাস্থ্যসেবার ওপর আরও বেশি নির্ভর করছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেছে—এভাবে মানসম্মত সেবা অব্যাহত থাকলে সীতাকুণ্ডে মাতৃমৃত্যু ও নবজাতকের জটিলতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।