প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৬ , ১২:১৫:২৭ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবা’র পবিত্র বার্ষিক ওরস শরীফ যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়েছে।
ওরস উপলক্ষে শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফে নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাদে ফজর মাজারে গিলাফ পরিবর্তন, পুষ্পার্ঘ্য অর্পণ ও আতর-গোলাপ ছিটানোর মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের কেন্দ্রীয় মিলাদ, কিয়াম ও মোনাজাতে সভাপতিত্ব করেন সম্মানিত সাজ্জাদানশীন ও রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.)।
তিনি বিশেষ মোনাজাতে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের শান্তি, নিরাপত্তা ও নিপীড়িত মানুষের মুক্তি কামনা করেন।মোনাজাতে তিনি বলেন, হে আল্লাহ, মহান এই অলির ওরসের উছিলায় বাংলাদেশকে একটি সুখী, নিরাপদ ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে কবুল করুন। বিশ্বের নির্যাতিত ও মজলুম মানবতার মুক্তি দান করুন।
তিনি আরও বলেন, আল্লাহর দ্বীনের পতাকা সমুন্নত রাখতে যুগে যুগে যেসব অলি-আউলিয়া আত্মত্যাগ করেছেন, তাদের আদর্শ অনুসরণ এবং মাইজভাণ্ডারী ত্বরিকার সঠিক বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে।
ওরস উপলক্ষে দেশ-বিদেশ থেকে আগত লাখো আশেক-ভক্ত ও জায়েরীন দরবারে উপস্থিত হন। দিনব্যাপী কোরআন খতম, তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া, মিলাদ-কিয়ামসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
শেষে ভক্তদের মাঝে তবাররুক বিতরণ করা হয় এবং সবার উপস্থিতি ও ইবাদত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।