উত্তর চট্টগ্রাম

“চিকন ছড়ার নীরব দর্শক: সেই পুরনো ব্রিজের কথা”

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ১১:১৬:৩১ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ১নং বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া বাজারের ঠিক আগেই ছিলো একটা পুরনো ব্রিজ। খুব সাধারণ একটা কংক্রিটের সাঁকো—নকশায় বিশেষ কিছু ছিলো না, কিন্তু জায়গাটা ছিলো অসাধারণ। এই ছোট্ট সেতুটিই ছিলো একটা প্রজন্মের অনুভূতির কেন্দ্রস্থল।

ঈদের আগে আগে ব্রিজটা যেন প্রাণ ফিরে পেত। চাঁদরাত এলেই সেজে উঠতো চারপাশ—বাজারের সব দোকানে লাইট, রাস্তার পাশে লাচ্ছা-সেমাইয়ের গন্ধ, আর সেই ব্রিজে—বহু মুখ, বহু গল্প। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলতো আড্ডা। এখানে শুধু তরুণরাই নয়, মাঝবয়সী, বয়স্ক, এমনকি ছোট ছোট প্রজন্মও থাকতো আড্ডার অংশীদার। সবার মাঝে ছিলো অদ্ভুত এক আন্তরিকতা।

সেই আড্ডায় রাজনীতি ছিল না, দলাদলি ছিল না, ছিলো একটুকরো অবসর আর ভালোবাসা। কেউ সিগারেট টানতো চুপচাপ, কেউ প্রেমের গল্প বলতো ফিসফিস করে, আবার কেউ হয়তো জীবন নিয়ে গভীর আলোচনায় মেতে উঠতো। কারো প্রেমের প্রথম স্বীকারোক্তি, কারো বন্ধুত্বের সূচনা, কেউবা সেদিনই শেষবার দেখেছিল প্রিয় কাউকে।

ব্রিজের নিচ দিয়ে চিকনছড়ার শান্ত খাল বয়ে যেতো। পাশে ধানক্ষেত, দূরে সবুজ পাহাড়ের রেখা। কেউ কেউ সন্ধ্যায় এসে বসে থাকতো একা, শুধু প্রকৃতি আর নিজের ভাবনার সঙ্গী হয়ে। যেন ব্রিজটা শুধু কংক্রিটের না, এক জীবন্ত সত্তা। শুনতো সবার কথা, জমিয়ে রাখতো শত গল্প।

কিন্তু সময় বদলায়। পুরাতন ব্রিজটাও তার সময় পার করেছিলো। একদিন ঘোষিত হলো, সেই ব্রিজ ভেঙে ফেলা হবে। ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সবাই জানতো এটি দরকারি, তবুও বুকের ভেতর কিছু একটা যেন ফেটে গিয়েছিলো।

নতুন ব্রিজ হয়েছে। মজবুত, চওড়া, আলোকসজ্জিত। গর্ব করার মতোই। তবুও পুরনো ব্রিজের সেই বিকেলবেলা, ঈদের রাত, সিনিয়র-জুনিয়রের হাহা-হিহি, হারানো স্নেহ—এসব কিছুর জায়গা কি সত্যিই নতুন ব্রিজ নিতে পেরেছে?

পুরাতন প্রজন্ম এখনও হাঁটতে হাঁটতে থেমে যায় সেই জায়গাটায়। হয়তো দাঁড়িয়ে থেকে শূন্যে তাকায়। সেই নেটওয়ার্ক টাওয়ার, সেই মাঠ, সেই খালের পাশে—আজও তারা খোঁজে পুরনো নিজেদের। খোঁজে সেই দিনগুলো, যেখানে মানুষ হতো মানুষ, সম্পর্ক হতো হৃদয়ের, আর আড্ডা মানে ছিলো ভালোবাসা ভাগ করে নেওয়া। তাদের চোখে তখন ভেসে ওঠে—এ কটা পুরনো ব্রিজ, অনেক চেনা মুখ, আর এক সোনালি সময়।

আরও খবর 27

Sponsered content