প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ১১:৩০:২৭ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:- রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও রাঙামাটি বেবিট্যাক্সি চালক কল্যাণ সমিতির মৃত সদস্যদের পরিবারের হাতে মৃত্যু তহবিলের অর্থ তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন সদস্যদের সদস্যপদ প্রদান করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯নং আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে মৃত্যুবরণকারী চারজন অটোরিকশা শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে নগদ ৪ লক্ষ টাকা (প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা) প্রদান করা হয়। এছাড়া, নতুন চারজন সদস্যকে আনুষ্ঠানিকভাবে সদস্য পদ দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে সমিতির সদস্যরা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটির সিএনজি চালক সমিতির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, রাঙামাটির সিএনজি চালক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই পর্যটন শহরে সিএনজি চালকেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পর্যটকেরা আপনাদের মাধ্যমে এলাকা সম্পর্কে ভালো ধারণা পান। আপনাদের কার্যক্রম আমার ভালো লেগেছে।
ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি যোগ করেন, ধানের শীষের প্রতীকে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করব।
রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও রাঙামাটি বেবিট্যাক্সি চালক কল্যাণ সমিতির সহ সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা রাঙামাটি বেবিট্যাক্সি চালক কল্যাণ সমিতির ঐতিহ্য তুলে ধরে চালকদের মধ্যে ফিরে আসা ঐক্যের প্রশংসা করেন। বক্তারা সিএনজি ও চালকের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন সিএনজি নিবন্ধনের জন্য একটি নীতিমালা তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।সমিতির সদস্যদের কল্যাণের বিষয়ে গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সদস্যদের সন্তানদের পড়ালেখায় যেন কোনো সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি, মৃত্যু তহবিলের অর্থ আরও দ্রুত সময়ে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করলে সদস্যরা বেশি উপকৃত হবেন বলেও জানান বক্তারা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা।