প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৬:৪৮:১৫ প্রিন্ট সংস্করণ

মোঃকামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও গভীর করার প্রত্যয় নিয়ে রাঙামাটি পলওয়েল পার্কে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য রাঙামাটি পুনাক ইউনিটি ফেস্ট–২০২৫। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর আয়োজনে এই উৎসবে পুনাক সদস্যরা সমাজের সার্বিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
৮ নভেম্বর সকালে উৎসবের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী জনাব আফরোজা হেলেন। তিনি বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে ফেস্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পুনাক সভানেত্রী উরুবান আতরাবা তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বলেন, পুনাক শুধু পুলিশ পরিবারের কল্যাণে নয়, বরং সমাজের সার্বিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। পুনাক সদস্যরা তাঁদের আন্তরিকতা, মমতা ও সেবার মানসিকতা দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন। এই ইউনিটি ফেস্ট সেই ঐক্য ও সৌহার্দ্যের বার্তাকেই শক্তিশালী করেছে।সভাপতির বক্তব্যে উরুবান আতরাবা তামান্না বলেন, রাঙামাটি পুনাক সব সময় মানবিক উদ্যোগে সমাজের পাশে থেকেছে। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য একে অপরের সঙ্গে সম্পর্ক, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও গভীর করা। তিনি এই আয়োজন সফল করার জন্য পুনাক সদস্যদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন।বিশেষ অতিথি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন পুনাকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, পুলিশ পরিবারের সদস্যরা সমাজে যে ইতিবাচক ভূমিকা রাখছেন, তা সত্যিই অনুকরণীয়। আজকের এই আয়োজন পুলিশ পরিবারের ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে রাঙামাটি পুনাক-এর পক্ষ থেকে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ স্মারক উপহার প্রদান করেন। অতিথিবৃন্দ পরে বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণ ও রাঙামাটি পুনাক প্রদর্শনী বিক্রয় কেন্দ্র পরিদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাঙামাটি পুনাক সদস্য ও জেলা পুলিশের সদস্যদের পরিবারবর্গের মাঝে সৌজন্য উপহার বিতরণ করা হয় এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাকের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।