মহানগর

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ১১:৩২:১৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: কালবৈশাখী ঝড়ের প্রভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরের বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে।

এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এদিকে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অফিস জানায়, কালবৈশাখী ঝড়ের কারণেই এ বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী দিনগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। এদিকে, বৃষ্টিপাতের কারণে নগরের নিচু এলাকয় তৈরি হয়েছে জলাবদ্ধতা।

নগরের জিইসি মোড়, কাতালগঞ্জ এবং প্রবর্তন মোড়েও ছিল হাঁটু সমান পানি। পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, খাল-নালা ভরাট, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ময়লা-আবর্জনায় ড্রেন আটকে থাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যা থেকে স্থায়ী সমাধান সম্ভব নয়।

নগরের কাতালগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন কিছুটা কম। ফলে স্বল্প দূরত্বে যেতেও রিকশায় বেশি ভাড়া দিতে হচ্ছে। বৃষ্টি হওয়ায় পানিতে রাস্তা-ফুটপাত একাকার হয়ে গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ৯৬ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও খবর 25

Sponsered content