প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ১২:৪৬:০০ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের হলরুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম উপলক্ষে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বেলাল হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তবে কিছু অসাধু ব্যক্তি তেল মজুদ ও বেশি দামে বিক্রির চেষ্টা করায় বাজারে সাময়িক সমস্যা তৈরি হচ্ছে। তিনি উল্লেখ করেন, অনেকেই বর্তমানে তেল সংগ্রহ করে তা বেশি দামে বিক্রি করছেন, যা কৃত্রিম সংকটের অন্যতম কারণ।
তিনি আরও বলেন, দেশে বেকারত্বের হার বাড়লেও ভবিষ্যতে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব হবে। তার মতে, ঠাকুরগাঁও জেলায় বর্তমানে প্রায় এক লাখের মতো বেকার থাকতে পারে। তবে আগামী কয়েক বছরের মধ্যে শিল্প ও অবকাঠামোগত উন্নয়ন হলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
পুলিশ সুপার বলেন, জেলায় পুরাতন ও নতুন মিলিয়ে দুটি বিসিক শিল্পনগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিমানবন্দর চালু এবং একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক জনবলের প্রয়োজন হবে এবং এতে জেলার বেকার সমস্যার অনেকটাই সমাধান হবে। এমনকি বাইরের জেলার মানুষও এখানে এসে চাকরি করার সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী এবং এসআই রহমতুল্লা রনি।
সভায় উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের উদ্দেশে বক্তারা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।