প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১০:২৩:২৫ প্রিন্ট সংস্করণ

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: দেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার আশায় সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল ও খতমে কুরআন।
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের উদ্যোগে রবিবার বাদ যোহর কুমিরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামীয়া আরবীয়া মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার হাফেজ ও আলেমগণ খতমে কোরআন সম্পন্ন করেন, পরে বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মাহফিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সদস্য এম শামসুদোহা, সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল আলম মন্জু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, শাহনেওয়াজ সুমনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনেকেই জানান— বেগম জিয়াকে তাঁরা শুধু একজন রাজনৈতিক নেত্রী হিসেবে নয়, বরং দেশমায়ের মর্যাদায় দেখেন। তাই তাঁর সুস্থতা কামনায় স্বতঃস্ফূর্তভাবে দোয়ায় অংশ নেন সবাই।
কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর অসুস্থতায় শুধু বিএনপিই নয়, পুরো দেশ উদ্বিগ্ন হয়ে আছে। লাখো মানুষের দোয়ায় আল্লাহর রহমতে তিনি অবশ্যই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন— এটাই সারাবাংলার মানুষের প্রার্থনা।”
তিনি আরও বলেন “দেশনেত্রী সুস্থ হয়ে উঠলে দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে। আমরা আল্লাহর দরবারে হাত তুলেছি— আমাদের এই মায়ের দীর্ঘায়ু ও সুস্থতা দান করুন, তাঁকে আবারও জনগণের মাঝে ফিরিয়ে দিন।”‘জিয়ার অবদান অনন্য, তাঁর সুস্থতা জাতির প্রয়োজন’
মাহফিলে উপস্থিত সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও দেশের সংকটে নেতৃত্ব প্রদানের ইতিহাস স্মরণ করেন।
তাঁরা বলেন “বাংলাদেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে বেগম জিয়া আজীবন সংগ্রাম করেছেন। তাই দেশবাসী তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে অপেক্ষা করছে। তাঁর দ্রুত আরোগ্য আমাদের জাতীয় প্রয়োজন।”
মোনাজাত শেষে ইসলামীয়া আরবীয়া মাদ্রাসার সকল এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান এই আয়োজন শুধুমাত্র দোয়া নয়, বরং মানবিকতার প্রতীক এবং বেগম জিয়ার দ্রুত আরোগ্যের শুভকামনার বহিঃপ্রকাশ।