জাতীয়

যাত্রী হয়রানির চিত্র তুলে ধরতে গিয়ে হামলার শিকার কালের কণ্ঠের সাংবাদিক

  প্রতিনিধি ৫ জুন ২০২৫ , ১০:১৮:৩৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ঈদযাত্রায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রী হয়রানির ভিডিও করতে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাইয়ান হোসাইন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে মহাখালী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, মহাখালী টার্মিনালে হামলা করে বুম ছিনিয়ে নেয় হামলাকারীরা। তার হাতে থাকা মোবাইলও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

পরিবহন সংশ্লিষ্ট দুর্বৃত্তদের মারধরে তার শরীরে পোশাক ছিড়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় পাশেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে তারা এগিয়ে আসেননি।

পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে হামলার শিকার সাংবাদিক নিজেই আবার সেইসব চিত্র ফেসবুক লাইভে তুলে ধরেন।