প্রতিনিধি ১৯ মার্চ ২০২৬ , ১১:৪০:২৩ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ঐতিহাসিক হযরত পীর বার আউলিয়া (রহ.) দরগাহ্ কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) ২৯ রমজান বিকেলে আয়োজিত এক ধর্মীয় ও সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী, এফসিএ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণকাজের সূচনা করা হয়। এতে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, দরগাহ্ সংশ্লিষ্ট খতিব-ইমাম, স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও আধুনিকায়ন সমাজে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মসজিদটির ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, পুনঃনির্মাণ কাজ সম্পন্ন হলে এটি শুধু নামাজ আদায়ের স্থানই নয়, বরং ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবেও আরও কার্যকর ভূমিকা রাখবে।
মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে পুরনো অবকাঠামোর কারণে মুসল্লিদের নামাজ আদায়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। বিশেষ করে জুমা ও রমজানের তারাবিহ নামাজে অতিরিক্ত মুসল্লির চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। এ প্রেক্ষাপটে মসজিদটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, নতুন ভবনে একাধিক তলা বিশিষ্ট আধুনিক স্থাপনা, পর্যাপ্ত অজুখানা, নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা এবং উন্নত সাউন্ড সিস্টেম সংযোজন করা হবে। নির্মাণকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।